কুমিল্লা ঈশ্বর পাঠশালা (উচ্চ বিদ্যালয়) কেন্দ্রে জলাবদ্ধতার কারণে চরম দুর্ভোগের মধ্যেও এসএসসি পরীক্ষায় অংশ নিতে হয়েছে শিক্ষার্থীদের। আজ মঙ্গলবার দুপুর ১২টা ১৫ মিনিটে পরীক্ষাকেন্দ্রে দেখা যায়, পানি জমে যাওয়ায় কিছু পরীক্ষার্থী বেঞ্চে পা তুলে বসে পরীক্ষা দিচ্ছেন।
অন্যদিকে, হল পর্যবেক্ষকের দায়িত্বে থাকা এক শিক্ষিকাকেও চেয়ারে পা তুলে বসে থাকতে দেখা যায়, যা কেন্দ্রের ভেতরের অস্বাভাবিক পরিস্থিতিরই প্রতিফলন বলে মনে করছেন উপস্থিতরা।
স্থানীয়রা জানান, বৃষ্টির পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় কেন্দ্রের ভেতরে জলাবদ্ধতা সৃষ্টি হয়, ফলে পরীক্ষার্থী ও দায়িত্বপ্রাপ্তদেরও ভোগান্তিতে পড়তে হয়।
এ ঘটনায় অভিভাবক ও সচেতন মহলে ক্ষোভ দেখা দিয়েছে। তারা দ্রুত সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের পরীক্ষার পরিবেশ বিঘ্নিত না হয়।
