কুমিল্লা শহরে টানা বৃষ্টিতে সৃষ্টি হয়েছে ভয়াবহ জলাবদ্ধতা। নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, অলিগলি ও আবাসিক এলাকায় হাটুসমান পানি জমে জনজীবন কার্যত অচল হয়ে পড়েছে। চরম ভোগান্তিতে পড়েছেন পথচারী, শিক্ষার্থী ও কর্মজীবী মানুষ।
মঙ্গলবার সকাল থেকেই নগরীর বেশ কয়েকটি এলাকায় পানি জমতে শুরু করে, যা দুপুরের পর আরও বেড়ে যায়। শহরের কান্দিরপাড়, চকবাজার, রানীরবাজার, শাসনগাছা ও ধর্মপুর এলাকায় পরিস্থিতি সবচেয়ে বেশি খারাপ বলে জানা গেছে। অনেক স্থানে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে, ফলে সৃষ্টি হয় তীব্র যানজট।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিয়মিত পরিষ্কারের অভাবের কারণে সামান্য বৃষ্টিতেই শহরে জলাবদ্ধতা দেখা দেয়। ব্যবসায়ীরাও ক্ষতির মুখে পড়েছেন, কারণ দোকানে পানি ঢুকে পণ্য নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এদিকে শিক্ষার্থীদের বিদ্যালয় ও কলেজে যেতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেকেই পানি ভেঙে গন্তব্যে পৌঁছাতে বাধ্য হচ্ছেন।
কুমিল্লা সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জলাবদ্ধতা নিরসনে কাজ চলছে এবং দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়া হবে। তবে স্থানীয়দের দাবি, দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ না করলে এ সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়।
শহরবাসী দ্রুত কার্যকর পদক্ষেপের মাধ্যমে এই দুর্ভোগ থেকে মুক্তি চান।
