রাজধানী ঢাকা-তে ভূগর্ভস্থ পানির অতিরিক্ত ব্যবহার ভবিষ্যতের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াচ্ছে বলে সতর্ক করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গভীর নলকূপের ওপর অতিরিক্ত নির্ভরশীলতার কারণে শহরের পানির স্তর ক্রমেই নিচে নেমে যাচ্ছে, যা মারাত্মক ঝুঁকি তৈরি করছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর কাকরাইলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর অডিটোরিয়ামে বিশ্ব পানি দিবস উপলক্ষ্যে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, নিরাপদ পানির সংকট বর্তমানে দেশের অন্যতম বড় সমস্যা, আর ঢাকায় এর প্রভাব সবচেয়ে বেশি। এ পরিস্থিতি মোকাবিলায় ভূগর্ভস্থ পানির পরিবর্তে বিকল্প উৎসের দিকে নজর দেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি উল্লেখ করেন, বৃষ্টির পানি সংরক্ষণ, হাতিরঝিল-এর পানি পরিশোধন করে ব্যবহার এবং আশুলিয়া অঞ্চলে পানি সংরক্ষণের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পাশাপাশি ঢাকার আশপাশের নদীগুলোর পানিকে ব্যবহারের আওতায় আনার ওপরও জোর দেন তিনি।
মির্জা ফখরুল বলেন, “ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমিয়ে সারফেস ওয়াটার ব্যবহারে গুরুত্ব দিতে হবে। বৃষ্টির পানি ধরে রাখার কার্যকর ব্যবস্থা গড়ে তুলতে হবে।”
তিনি আরও বলেন, উন্নয়নের পাশাপাশি মানুষের টিকে থাকাটাই এখন বড় চ্যালেঞ্জ। তাই পানি ব্যবস্থাপনায় নতুন চিন্তা ও পরিকল্পনা গ্রহণ জরুরি। জনগণের সম্মিলিত প্রচেষ্টায় এই সংকট কাটিয়ে ওঠা সম্ভব বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
