গাজীপুরের টঙ্গীতে একই পরিবারের বাবা ও ছেলের মরদেহ পৃথক স্থান থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রোববার (২৬ এপ্রিল) সকাল ৬টার দিকে টঙ্গীর বনমালা এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহতরা হলেন সোহেল হোসেন (৫২) ও তার ছেলে সাকিব হোসেন (১৮)।
পুলিশ জানায়, সাকিবের মরদেহ নিজ ঘর থেকে উদ্ধার করা হয়। তার মুখে কাপড় গুঁজে হাতের রগ কেটে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অপরদিকে সোহেল হোসেনের মরদেহ বনমালা এলাকার রেললাইনের পাশ থেকে উদ্ধার করা হয়।
জানা গেছে, সোহেল হোসেন একসময় প্রবাসে ছিলেন। স্ত্রী মারা যাওয়ার পর তিনি দুই ছেলেকে নিয়ে বসবাস করতেন। নিহত সাকিব রাজধানীর একটি বেসরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন এবং পড়াশোনার পাশাপাশি কাজও করতেন।
খবর পেয়ে টঙ্গী পূর্ব থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান জানান, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় নিহতের বড় ছেলে সোহান হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।
