লক্ষ্মীপুরে একটি বিয়ের অনুষ্ঠানে খাবার টেবিলে বসাকে কেন্দ্র করে বর ও কনে পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে সদর উপজেলার টুমচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ইব্রাহিম খলিল, অনিক, মেহেদী হাসান আনন্দ, রানা, ইয়ামিন, সামজিদ ও শাহ আলমসহ কয়েকজন লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা নেন।
জানা যায়, শুক্রবার হারুনের ছেলে ফারুক হোসেনের সঙ্গে ভবানীগঞ্জ ইউনিয়নের বাসিন্দা আনোয়ার হোসেনের মেয়ে ছামিয়া আক্তারের বিয়ে সম্পন্ন হয়। পরদিন বরপক্ষের বাড়িতে ভোজের আয়োজন করা হলে কনেপক্ষের লোকজন সেখানে উপস্থিত হন। এ সময় খাওয়ার আসন নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়।
কনেপক্ষের অভিযোগ, খাওয়ার সময় বরপক্ষের কিছু লোক চেয়ারে বসতে বাধা দিলে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয় এবং পরে লাঠিসোঁটা নিয়ে হামলার ঘটনা ঘটে। এতে একটি মাইক্রোবাসও ভাঙচুর করা হয়।
অন্যদিকে স্থানীয় বিএনপি নেতা শাহ আলম বলেন, খাওয়ার টেবিল নিয়ে কথাকাটাকাটির জের ধরে উভয় পক্ষের মধ্যে মারামারি হয়েছে।
সদর হাসপাতালের চিকিৎসক ডা. জয়দেব নন্দী জানান, আহত কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ বিষয়ে সদর মডেল থানার উপ-পরিদর্শক শাহিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
