সারা দেশের মতো কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনেও শুরু হয়েছে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা। নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা গ্রহণে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ইতোমধ্যে সব পরীক্ষাকেন্দ্রে প্রশ্নপত্র নিরাপদে পৌঁছে দেওয়া হয়েছে।
এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে মোট ১ লাখ ৪৬ হাজার ৮১৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর—এই ছয় জেলার ২৭৭টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
পরিসংখ্যান অনুযায়ী, মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্রী ৮৭ হাজার ৯৭০ জন এবং ছাত্র ৫৮ হাজার ৮৪৭ জন। সে হিসেবে ছাত্রদের তুলনায় ছাত্রী সংখ্যা ২৯ হাজার ১২৩ জন বেশি, যা এবারের পরীক্ষায় উল্লেখযোগ্য বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লার চেয়ারম্যান প্রফেসর শামসুল ইসলাম বলেন, বর্তমানে মেয়েদের শিক্ষায় অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। শিক্ষা কার্যক্রমে তাদের সম্পৃক্ততা ও সাফল্যের হার বৃদ্ধির কারণে পরীক্ষায় ছাত্রী সংখ্যা তুলনামূলক বেশি হয়েছে।
এদিকে গত বছরের তুলনায় এ বছর পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ২২ হাজার ৮৬৩ জন কমেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বিভিন্ন কারণে পরীক্ষার্থী সংখ্যা কমলেও অংশগ্রহণকারীদের উপস্থিতি ও প্রস্তুতি সন্তোষজনক রয়েছে।
নকল প্রতিরোধে বোর্ডের আওতাধীন ২৭৭টি পরীক্ষাকেন্দ্র সিসিটিভি নজরদারির আওতায় আনা হয়েছে। পাশাপাশি প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি জোরদার করা হয়েছে, যাতে সুষ্ঠু পরিবেশে পরীক্ষা গ্রহণ নিশ্চিত করা যায়।
পরীক্ষা শুরুর দিনে বিভিন্ন কেন্দ্রে পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, সবার সহযোগিতায় এবারের এসএসসি ও সমমান পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।
