দেশের সব উপজেলায় স্থানীয় সংসদ সদস্যদের জন্য ‘পরিদর্শন কক্ষ’ বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এসব কক্ষে বসে তারা জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করতে পারবেন।
মঙ্গলবার (২১ এপ্রিল) সংসদ অধিবেশনে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ তথ্য জানান।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে সংসদ সদস্যদের অভিযোগ ছিল, উপজেলায় গেলে তাদের বসার নির্দিষ্ট কোনো জায়গা থাকে না। সেই বিষয়টি বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা এবং এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পরামর্শে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী জানান, উপজেলা পরিষদের দোতলায় সংযুক্ত বাথরুম ও প্রয়োজনীয় আসবাবসহ একটি কক্ষ বরাদ্দ দেওয়া হবে, যার নাম হবে ‘পরিদর্শন কক্ষ’। ইতোমধ্যে এ বিষয়ে সরকারি আদেশ (জিও) জারি করা হয়েছে এবং শিগগিরই বাস্তবায়ন শুরু হবে।
তিনি আরও বলেন, কোনো সংসদ সদস্যের একাধিক উপজেলা থাকলে প্রতিটি উপজেলাতেই তার জন্য এই সুবিধা নিশ্চিত করা হবে।
