মধ্যপ্রাচ্যের উত্তেজনা ইরান ও লেবাননকে ঘিরে থাকলেও দখলকৃত পশ্চিম তীরে ইসরাইলি বাহিনী ও বসতি স্থাপনকারীদের অভিযান অব্যাহত রয়েছে। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, হেবরনের কাছে এক ১৬ বছর বয়সী কিশোরকে গাড়িচাপা দিয়ে হত্যা করেছে ইসরাইলি বসতি স্থাপনকারীরা। একই সঙ্গে রামাল্লাহর উত্তর-পূর্বে আল-মুঘাইয়ির গ্রামে কৃষকদের ওপর হামলার ঘটনাও ঘটেছে।
এদিকে ইসরাইলি সেনাবাহিনী পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে। নাবলুসের কাছে বেইতা শহরে একটি বাড়িতে অভিযান চালিয়ে এক বাবা ও ছেলেকে গুরুতর মারধর করা হয়। পরে তাদের হাসপাতালে ভর্তি করতে হয়েছে।
এ ছাড়া হুয়ারা এলাকায় ডজনখানেক বাড়িতে তল্লাশি চালানো হয়। বেথলেহেমে কয়েকটি বাড়িতে অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়েছে। হেবরন শহরেও অভিযান চালিয়ে এক সাবেক বন্দিকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে।
অন্যদিকে, ২০২৩ সালে জেনিন শরণার্থী শিবিরে ইসরাইলি অভিযানে আহত এক ফিলিস্তিনি নারী শার্পনেলের আঘাতে মারা গেছেন বলে জানিয়েছে ওয়াফা।
বিশ্লেষকদের মতে, আঞ্চলিক বড় সংঘাতের আড়ালে পশ্চিম তীরে চলমান এসব অভিযান আন্তর্জাতিক নজর এড়িয়ে যাচ্ছে। এতে করে সেখানে মানবাধিকার পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কা বাড়ছে।
