এলপিজি গ্যাসের অতিরিক্ত মূল্য কমিয়ে সাধারণ মানুষের নাগালের মধ্যে আনার আহ্বান জানিয়েছেন রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন।
মঙ্গলবার (২১ এপ্রিল) সংসদের অধিবেশনে ১৮তম দিনের ৭১ বিধিতে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ দাবি জানান।
আখতার হোসেন বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে জ্বালানি খাতে সংকট তৈরি হলেও দেশের বাজারে কৃত্রিম সংকটের বিষয়টিও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এ বিষয়ে সরকারের কার্যকর পদক্ষেপ এখনও স্পষ্ট নয় বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, জ্বালানি সংকট নিয়ে আলোচনা হওয়ার কথা থাকলেও হঠাৎ করেই এলপিজির দাম বৃদ্ধি করা হয়েছে, যা সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ সৃষ্টি করেছে। বিশেষ করে রান্নাবান্না ও উৎপাদন কার্যক্রমে জড়িতদের জন্য এটি বড় ধরনের সমস্যা তৈরি করবে।
দাম বৃদ্ধির বিষয়ে তিনি বলেন, এই বৃদ্ধি মাত্রাতিরিক্ত হয়েছে এবং তা দ্রুত কমিয়ে সহনীয় পর্যায়ে আনা প্রয়োজন। একই সঙ্গে রাতারাতি জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত জনজীবনে নেতিবাচক প্রভাব ফেলেছে বলেও উল্লেখ করেন তিনি।
আখতার হোসেন আরও বলেন, আন্তর্জাতিক বাজারের অস্থিরতার পাশাপাশি দেশীয়ভাবে অসাধু চক্রের মজুতদারি ও বাজার নিয়ন্ত্রণে দুর্বলতার কারণেও সংকট তীব্র হচ্ছে। এ পরিস্থিতিতে এলপিজিসহ সব ধরনের জ্বালানির দাম কমিয়ে জনগণের স্বস্তি ফিরিয়ে আনার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানান তিনি।
