উপজেলায় অফিস সুবিধা দেওয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়ে সংসদ সদস্যদের জন্য সরকারি গাড়ির দাবি তুলেছেন কুমিল্লা-৪ আসনের এমপি হাসনাত আবদুল্লাহ।
মঙ্গলবার (২১ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে এ বিষয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, উপজেলায় বসার জন্য কক্ষ বরাদ্দ দেওয়ায় কৃতজ্ঞতা জানালেও মানুষের কাছে সহজে পৌঁছাতে একটি গাড়ির ব্যবস্থা প্রয়োজন।
তিনি উল্লেখ করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা চেয়ারম্যানদের জন্য সরকারি গাড়ি থাকলেও সংসদ সদস্যদের জন্য এমন কোনো সুবিধা নেই। অনেক সময় ভাড়া গাড়িতে চলাচল করতে হয়, যা বিব্রতকর পরিস্থিতি তৈরি করে। তাই জনসেবায় গতি আনতে সরকারকে গাড়ির ব্যবস্থা করার আহ্বান জানান তিনি।
এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শুরু থেকেই সংসদ সদস্যদের অতিরিক্ত সুযোগ-সুবিধা গ্রহণে নিরুৎসাহিত করেছেন। এমনকি বিদ্যমান আইনে পরিবর্তন এনে ট্যাক্স ফ্রি গাড়ির সুবিধা বাতিলের পরিকল্পনাও রয়েছে। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে ব্যয় সংকোচনের অংশ হিসেবে জ্বালানি বরাদ্দ কমানোসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।
তবে বিষয়টি নিয়ে সরকার ও বিরোধী দলের সঙ্গে আলোচনা করে কোনো সমাধান বের করা যায় কি না, সে বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হবে বলেও জানান তিনি।
এদিকে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এ বিষয়ে বক্তব্য দিয়ে বলেন, তরুণ এমপির এই দাবি বিবেচনায় নেওয়ার আশ্বাস দেওয়া হলে আরও ইতিবাচক বার্তা যেত। তার বক্তব্যে সংসদে কিছুটা হাস্যরসেরও সৃষ্টি হয়।
