গণভোট নিয়ে সরকারের অবস্থান প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব আখতার হোসেন এমপি। তিনি বলেন, জনগণ নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশায় গণভোটে অংশ নিলেও সরকারের বর্তমান অবস্থান সেই গণরায়ের বিপরীতমুখী।
মঙ্গলবার সকালে রাঙামাটি শহরের বনরূপা এলাকার আইসিআর পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত ১১ দলীয় ঐক্যজোটের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আখতার হোসেন বলেন, বর্তমান পরিস্থিতিতে গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার বড় ধরনের চ্যালেঞ্জের মুখে রয়েছে। এ অবস্থা থেকে উত্তরণে সব বিরোধী রাজনৈতিক শক্তিকে মতভেদ ভুলে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। এ লক্ষ্যে আন্দোলনের রূপরেখাও প্রণয়ন করা হয়েছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, জনগণের ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত থাকবে।
জেলা জামায়াতের সেক্রেটারি মনছুরুল হকের সঞ্চালনায় এবং জেলা জামায়াতের আমির আব্দুল আলীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা পরিষদের সদস্য মিনহাজ মোর্শেদসহ ১১ দলীয় ঐক্যজোটের নেতারা উপস্থিত ছিলেন।
সভায় দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
