আগামী পাঁচ বছরে পর্যায়ক্রমে দেশের ২ লাখ ৭৫ হাজার কৃষকের হাতে ‘কৃষক কার্ড’ পৌঁছে দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কৃষকদের জন্য ১০টি বিশেষ সুবিধা সংবলিত এই কার্ডের মাধ্যমে তাদের আত্মনির্ভরশীল ও আর্থিকভাবে সচ্ছল করে তোলাই সরকারের লক্ষ্য।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এ ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার জনগণের প্রত্যাশা পূরণে প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচনের সময় দেওয়া অঙ্গীকার বাস্তবায়নে দ্রুত কাজ শুরু হয়েছে এবং দেশের মানুষের জীবনমান উন্নয়নই সরকারের প্রধান উদ্দেশ্য।
তিনি জানান, প্রাথমিকভাবে পাইলট প্রকল্পের আওতায় ২২ হাজার কৃষকের মধ্যে এই কার্ড বিতরণ করা হচ্ছে। পহেলা বৈশাখ উপলক্ষে কৃষকদের এ কার্যক্রম শুরু করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
কৃষি খাতে উন্নয়ন জোরদারে নানা পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সেচ সুবিধা বাড়াতে আগামী পাঁচ বছরে সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে। পাশাপাশি খাদ্য সংরক্ষণে আধুনিক হিমাগার নির্মাণ এবং কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। রপ্তানি বৃদ্ধির দিকেও গুরুত্ব দেবে সরকার।
প্রধানমন্ত্রী আরও বলেন, কৃষকদের পাশাপাশি নারীদের স্বাবলম্বী করতেও সরকার কাজ করে যাচ্ছে। কৃষক উন্নত হলে দেশও এগিয়ে যাবে—এই বিশ্বাস থেকেই সরকার কৃষিখাতে বিশেষ গুরুত্ব দিচ্ছে।
