মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে চীন সফরে গেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ। ইরানের ওপর যুক্তরাষ্ট্রের অবরোধ এবং হরমুজ প্রণালি ঘিরে সংকটের মধ্যেই এই সফরকে গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
চীনের রাজধানী বেইজিং-এ পৌঁছালে ল্যাভরভকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। চীন ও রাশিয়া—দুই দেশই ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অবস্থানের সমালোচনা করে আসছে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জিও জিয়াকুন বলেন, হরমুজ প্রণালি আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর নিরাপত্তা নিশ্চিত করা বৈশ্বিক স্বার্থের সঙ্গে জড়িত।
বিশেষজ্ঞদের মতে, চীন যেহেতু ইরানি তেলের অন্যতম বড় ক্রেতা, তাই এই সংকট দেশটির অর্থনীতিতে সরাসরি প্রভাব ফেলছে। ইতোমধ্যে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ায় বাজারে চাপ তৈরি হয়েছে।
এদিকে সফরের আগে ল্যাভরভ টেলিফোনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি-র সঙ্গে কথা বলেন। তিনি নতুন করে সংঘাত এড়াতে কূটনৈতিক সমাধানের ওপর জোর দেন এবং রাশিয়ার পক্ষ থেকে সহায়তার আশ্বাস দেন।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনকে সতর্ক করে বলেছেন, ইরানকে সামরিক সহায়তা দিলে চীনা পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করা হতে পারে। তবে বেইজিং এসব অভিযোগ অস্বীকার করে একে ‘ভিত্তিহীন’ বলে দাবি করেছে।
বিশ্লেষকদের মতে, এই সফর মধ্যপ্রাচ্য সংকটে চীন-রাশিয়ার যৌথ কৌশল ও অবস্থানকে আরও স্পষ্ট করে তুলতে পারে।
