ইরানকে ঘিরে চলমান সংঘাত নিয়ে ইতালির অবস্থানকে কেন্দ্র করে নিজের ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্রকেই কঠোর ভাষায় আক্রমণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইতালির একটি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প অভিযোগ করেন, দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এই সংকটময় সময়ে প্রত্যাশিত সাহসিকতা দেখাতে পারেননি।
তিনি বলেন, মেলোনিকে তিনি একজন দৃঢ়চেতা নেত্রী হিসেবে ভাবতেন, কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই ধারণা ভেঙে গেছে। ইরানের বিরুদ্ধে অভিযানে ইতালির অনীহা ওয়াশিংটনের জন্য হতাশাজনক বলেও মন্তব্য করেন তিনি।
রাজনৈতিকভাবে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা সত্ত্বেও ইরান ইস্যুতে দুই নেতার এই মতপার্থক্য এখন প্রকাশ্যে এসেছে, যা আন্তর্জাতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
তবে ট্রাম্পের এই মন্তব্যের বিষয়ে ইতালির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিশ্লেষকদের মতে, এই ঘটনাটি যুক্তরাষ্ট্র ও ইতালির কূটনৈতিক সম্পর্কে সাময়িক চাপ সৃষ্টি করতে পারে।
