মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে আন্তর্জাতিক আইনের শাসন বজায় রাখার ওপর জোর দিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং।
সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান-এর সঙ্গে বৈঠককালে তিনি বলেন, আন্তর্জাতিক আইনকে নিজের সুবিধামতো ব্যবহার বা প্রয়োজন শেষ হলে বর্জন করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার সমালোচনা করে সি চিন পিং মন্তব্য করেন, বিশ্বকে আবার “জঙ্গলের আইন”-এর দিকে ঠেলে দেওয়া যাবে না; বরং ন্যায্যতা ও সংলাপের মাধ্যমেই সংকট সমাধান করতে হবে।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক আলোচনা ব্যর্থ হওয়ার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়ে যাওয়ায় চীনের এই অবস্থান কূটনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ।
এদিকে হরমুজ প্রণালিতে অচলাবস্থার কারণে জ্বালানি সরবরাহে বড় ধরনের প্রভাব পড়েছে। চীনের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত মার্চে দেশটির প্রাকৃতিক গ্যাস আমদানি ২০২২ সালের পর সর্বনিম্নে নেমেছে এবং অপরিশোধিত তেল আমদানিও কমেছে।
বৈঠকে সি আরও জানান, সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব আরও জোরদার করতে আগ্রহী চীন, যা ভবিষ্যতে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও সম্প্রসারিত করবে।
