বাংলা নববর্ষ ১৪৩৩-কে স্বাগত জানাতে বৈশাখী রঙে সেজেছে বরিশাল। ভোরের আলো পুরোপুরি ফোটার আগেই ব্রজমোহন (বিএম) বিদ্যালয় মাঠে মানুষের ঢল নামে। লাল-হলুদ শাড়ি আর পাঞ্জাবিতে সজ্জিত নারী-পুরুষ ও শিশুদের উপস্থিতিতে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
উদীচী শিল্পীগোষ্ঠী ও বরিশাল নাটকের আয়োজনে প্রভাতী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় বর্ষবরণ। ‘এসো হে বৈশাখ’ গানের সুরে মুখর হয়ে ওঠে চারপাশ। সংগীত, আবৃত্তি ও পরিবেশনায় মুগ্ধ দর্শকরা বারবার করতালিতে ভরিয়ে তোলেন প্রাঙ্গণ।
অনুষ্ঠানের একপর্যায়ে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হলে আবেগঘন পরিবেশ তৈরি হয়। পরে জাতীয় সঙ্গীতের মাধ্যমে সবাই শ্রদ্ধা জানান।
এরপর বের হয় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা। বিশাল মুখোশ, রঙিন সাজসজ্জা, পাখি ও গ্রামীণ ঐতিহ্যের নানা প্রতীক নিয়ে শোভাযাত্রাটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে অশ্বিনী কুমার হল চত্বরে গিয়ে শেষ হয়। এতে সব বয়সের মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
এদিকে বিএম বিদ্যালয় মাঠে শুরু হয়েছে তিন দিনব্যাপী বৈশাখী মেলা, যা উৎসবের আমেজকে আরও বাড়িয়ে তুলেছে।
নতুন বছরের প্রভাতে অংশগ্রহণকারীরা পুরোনো গ্লানি ভুলে নতুন স্বপ্ন নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
