বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, জুলাই সনদ নিয়ে বিরোধী পক্ষ যেভাবে বিষয়টি তুলে ধরছে, তাতে সরকার ও বিরোধী দলের মধ্যে অপ্রয়োজনীয় মুখোমুখি পরিস্থিতি তৈরি হচ্ছে। তবে তারা জুলাই সনদের প্রতিটি দফা মেনে চলেন এবং এর প্রতি পূর্ণ সম্মান রাখেন।
রোববার (১২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভোলা শহরের উকিল পাড়ার শান্ত নীড় প্রাঙ্গণে তার পিতা, সাবেক স্থানীয় সরকারমন্ত্রী ও ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম মেয়র মরহুম নাজিউর রহমান মঞ্জুরের ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
পার্থ আরও জানান, তিনি আগেও স্পষ্ট করেছেন যে জুলাই সনদ ও সংবিধান উভয়ের প্রতিই তার শ্রদ্ধা রয়েছে। বিরোধী দল অযথা বিভ্রান্তি ছড়াচ্ছে—এমন অভিযোগ করে তিনি বলেন, ‘আমরা সনদ মানি না’ বা ‘এটা প্রতারণা’—এই ধরনের বক্তব্য পরিস্থিতিকে জটিল করে তুলছে। তার মতে, ‘প্রতারণা’ শব্দটি অত্যন্ত কঠোর এবং এ ধরনের ভাষা ব্যবহার থেকে বিরোধী দলকে সরে আসা উচিত।
উল্লেখ্য, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।
