লেবাননে ইসরাইলের হামলা থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। সাম্প্রতিক কয়েক ঘণ্টায় দেশটির দক্ষিণাঞ্চলের বিভিন্ন শহর ও জনবসতিতে ধারাবাহিক বিমান হামলায় বহু মানুষ নিহত হয়েছেন।
লেবাননের সরকারি বার্তা সংস্থা এনএনএ জানিয়েছে, দক্ষিণাঞ্চলের টাইর জেলার মারউব শহরে ইসরাইলি হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। একই সময়ে কানা শহরে আরও পাঁচজনের প্রাণহানির খবর পাওয়া গেছে।
এছাড়া আল-বাজুরিয়েহ, কালিলা, বাফলিয়েহ এবং ক্বালাওইয়া শহরেও ইসরাইলি বাহিনী বিমান হামলা চালিয়েছে বলে জানিয়েছে এনএনএ।
অন্যদিকে, লেবাননের স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, তেফাহতা শহরে রাতভর চালানো এক হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন।
এছাড়াও দক্ষিণ লেবাননের কাফরা, হারিস, রাশাফ এবং স্রেব্বিন এলাকাতেও একাধিক বিমান হামলার খবর পাওয়া গেছে।
চলমান এই হামলাগুলোতে বেসামরিক জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে বলে আশঙ্কা করা হচ্ছে।
