ফিলিস্তিনের ন্যায়সংগত অধিকার এবং দেশটির জনগণের প্রতি বাংলাদেশের অবিচল সমর্থন পুনরায় ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
রোববার (১২ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ রমজানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই অবস্থান পুনর্ব্যক্ত করেন।
সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী রাষ্ট্রদূতকে আন্তরিক অভ্যর্থনা জানান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ ও সরকার গঠনের পর ফিলিস্তিনি নেতৃত্বের পক্ষ থেকে পাঠানো শুভেচ্ছা বার্তার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশ বরাবরের মতোই দুই-রাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে অবস্থান নিয়ে এসেছে এবং মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় তার এই নীতিগত অবস্থান অব্যাহত থাকবে।
এ সময় দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়।
