ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের আলোচনার পর কোনো সমঝোতা ছাড়াই পাকিস্তান ত্যাগ করেছে ইরানের প্রতিনিধিদল। দেশটির মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
এর আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও ইসলামাবাদ ত্যাগ করেন। বিদায়ের আগে তিনি সাংবাদিকদের জানান, আলোচনায় কোনো চুক্তি হয়নি এবং যুক্তরাষ্ট্রের প্রস্তাব ইরান প্রত্যাখ্যান করেছে।
এই বৈঠককে ১৯৭৯ সালের বিপ্লবের পর দুই দেশের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুখোমুখি আলোচনা হিসেবে দেখা হচ্ছিল। তবে দীর্ঘ বৈঠকের পরও কোনো অগ্রগতি না হওয়ায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আবারও অনিশ্চয়তার দিকে ঝুঁকছে।
বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতি কার্যকর রাখা এবং স্থায়ী সমাধানের পথ তৈরি করতে এই আলোচনা গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু কোনো সমঝোতা না হওয়ায় সংঘাত পুনরায় তীব্র হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
বিশ্বজুড়ে কূটনৈতিক মহলে এখন প্রশ্ন উঠেছে—আলোচনা কি এখানেই শেষ, নাকি নতুন করে আবারও সংলাপের পথ খুলবে। একই সঙ্গে যুদ্ধবিরতির অবশিষ্ট সময় কীভাবে অতিক্রম হবে, তা নিয়েও বাড়ছে উদ্বেগ।
