ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বাণিজ্যে কিছু নন-ট্যারিফ বাধা বিদ্যমান রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এসব বাধা দূর করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে বলেও জানান তিনি।
রোববার (১২ এপ্রিল) সচিবালয়ে জার্মানি ও সুইডেনের রাষ্ট্রদূতদের সঙ্গে পৃথক বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য দেন মন্ত্রী।
মন্ত্রী বলেন, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের রপ্তানি পণ্যের অন্যতম প্রধান বাজার। দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণের মাধ্যমে উভয় পক্ষই লাভবান হতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠকে বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ-কে দেশের লাইট ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ও লেদার খাতে বিনিয়োগের আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, প্রতিবছর বিপুল সংখ্যক কর্মক্ষম জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থান সৃষ্টিতে বিদেশি বিনিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
জবাবে জার্মান রাষ্ট্রদূত জানান, জার্মানি বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করতে আগ্রহী। তিনি দক্ষতা উন্নয়ন এবং বাজারমুখী খাতে যৌথ উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ব্যবসায় সমান প্রতিযোগিতার পরিবেশ নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।
অন্যদিকে, সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইক-এর সঙ্গে বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
বাণিজ্যমন্ত্রী জানান, সুইডেনের সঙ্গে নন-ট্যারিফ বাধা অপসারণে ইতোমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে, যা ভবিষ্যতে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করবে।
সুইডিশ রাষ্ট্রদূত বলেন, টেলিকম খাতে সুইডেন বিশ্বে অগ্রগামী এবং এ খাতে বাংলাদেশের সঙ্গে বিনিয়োগ বাড়াতে আগ্রহী তার দেশ।
