লেবাননের চলমান সংকটময় পরিস্থিতির মধ্যে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নওয়াফ সালাম। অর্থডক্স ইস্টার উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি দেশবাসীকে বিভেদ এড়িয়ে যুক্তির পথে চলার আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, এই উৎসব যেন লেবাননের জনগণকে ঐক্যবদ্ধ থাকার প্রেরণা জোগায় এবং সবাই মিলে জাতীয় স্বার্থকে প্রাধান্য দেয়। তিনি জোর দিয়ে বলেন, বর্তমান পরিস্থিতিতে সংঘাত এড়িয়ে সংযম ও বিবেচনার মাধ্যমে এগিয়ে যাওয়াই সবচেয়ে জরুরি।
তিনি আরও আশা প্রকাশ করেন, সবাই একসঙ্গে কাজ করলে দেশকে ঘিরে থাকা বিপদ কাটিয়ে ওঠা সম্ভব হবে এবং লেবাননে স্থিতিশীলতা, শান্তি ও সমৃদ্ধি ফিরে আসবে।
চলমান সংঘাত ও অস্থিরতার প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর এই বার্তাকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে, এমন সময় জাতীয় ঐক্যই হতে পারে সংকট মোকাবিলার সবচেয়ে কার্যকর উপায়।
