ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসন ও র্যাবের যৌথ অভিযানে অবৈধভাবে মজুদ রাখা ১০ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন দোকান মালিককে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (৭ এপ্রিল) সদর উপজেলার পৌর এলাকার গোকর্ণঘাট এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
র্যাব-৯ সিপিসি-১-এর অধিনায়ক মো. নুরনবী জানান, অনুমোদনহীন খুচরা দোকানে অবৈধভাবে জ্বালানি তেল বিক্রির তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসনের সহায়তায় এই অভিযান চালানো হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন বলেন, চারটি দোকান থেকে ডিজেল ও অকটেন মিলিয়ে মোট ১০ হাজার লিটার তেল জব্দ করা হয়েছে। এর মধ্যে অনুমোদন ছাড়াই তেল মজুদ ও বিক্রির দায়ে তিন দোকানিকে জরিমানা করা হয়।
তিনি আরও জানান, অভিযানের সময় একটি দোকানের মালিককে পাওয়া যায়নি।
