ইরাকের আনবার প্রদেশে ইরান-সমর্থিত পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ)-এর একটি ঘাঁটিতে হামলায় এক সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে সংগঠনটি।
আরবি ভাষার গণমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে পিএমএফ এই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। তারা এই হামলাকে ‘আমেরিকান-জায়নিস্ট’ আক্রমণ বলে দাবি করেছে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে আনবার প্রদেশে পিএমএফ ঘাঁটিগুলো একাধিকবার হামলার শিকার হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে, এসব হামলায় একাধিক যোদ্ধা নিহত ও আহত হয়েছেন এবং কিছু ক্ষেত্রে ঘাঁটির গুরুত্বপূর্ণ স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানকে ঘিরে চলমান সংঘাতের প্রভাব এখন ইরাকেও স্পষ্টভাবে ছড়িয়ে পড়ছে। বিশেষ করে ইরান-ঘনিষ্ঠ সশস্ত্র গোষ্ঠীগুলো যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির বিরুদ্ধে সক্রিয় হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।
ইরাক সরকার ইতোমধ্যে এসব হামলাকে দেশের সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
পর্যবেক্ষকদের মতে, এ ধরনের হামলা-পাল্টা হামলা অব্যাহত থাকলে ইরাক সরাসরি বৃহত্তর আঞ্চলিক যুদ্ধে জড়িয়ে পড়ার ঝুঁকি বাড়বে।
