ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা দাউদকান্দির রায়পুর এলাকায় সোমবার রাত বারোটার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে একজন নিহত এবং ৬ জন আহত হয়েছে। একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি আমিরাবাদ হাইওয়ে থানা ইনচার্জ ইকবাল বাহার মজুমদার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বরিশাল থেকে চট্টগ্রামগামী বলেশ্বর পরিবহনের একটি বাস দাউদকান্দির রায়পুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ঘটনাস্থলে একজন নিহত হয়। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। উদ্ধারকাজ চলমান আছে। বাসটির চাকা উপরের দিকে। ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছে।
প্রত্যক্ষদর্শী সংবাদকর্মী মো.সাফি জানান, একজনকেই ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে। বাসটি উদ্ধার করার পর বলা যাবে হতাহতের সংখ্যা।
দাউদকান্দি হাইওয়ে থানার ইনচার্জ ইকবাল বাহার মজুমদার জানান, একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার কার্যক্রম চলছে। মহাসড়কে কোনো যানজট নেই।
দাউদকান্দি হাইওয়ে থানার উপ-পরিদর্শক সন্দ্বীপ চন্দ্র রায় জানান, বৃষ্টির কারণে উদ্ধারকাজ বিলম্ব হচ্ছে। নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
