দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তবে পরিস্থিতি বিবেচনায় আগামী মাস থেকে জ্বালানি তেলের দাম বাড়ানোর সম্ভাবনাও রয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।
মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদে মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য শওকতুল ইসলামের এক প্রশ্নের জবাবে এ তথ্য তুলে ধরেন মন্ত্রী। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সকাল সাড়ে ১০টায় অধিবেশন শুরু হয়।
জ্বালানিমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনা এবং মার্কিন-ইসরায়েলের যৌথ হামলার পর ইরান হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপ করায় বৈশ্বিক জ্বালানি সরবরাহে বিঘ্ন সৃষ্টি হয়েছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে অস্থিরতা দেখা দিয়েছে।
তিনি আরও জানান, আন্তর্জাতিক নৌপথে নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় সরবরাহ ব্যবস্থাও অনিশ্চয়তার মধ্যে পড়েছে। তবে বিকল্প উৎস থেকে সরবরাহ নিশ্চিত করে দেশে জ্বালানির স্বাভাবিক প্রবাহ বজায় রাখা হচ্ছে।
মন্ত্রী জানান, বর্তমানে দেশে ডিজেলের মজুদ রয়েছে ১ লাখ ৬৪ হাজার ৬৪৪ টন এবং এপ্রিলের মধ্যে আরও ১ লাখ ৩৮ হাজার টন আসার কথা রয়েছে। অকটেন মজুদ রয়েছে ১০ হাজার ৫০০ টন, যা বাড়িয়ে ৭১ হাজার ৫৪৩ টনে উন্নীত হবে। পাশাপাশি পেট্রলের মজুদ ১৬ হাজার টন এবং মাসের শেষ নাগাদ আরও ৩৬ হাজার টন সরবরাহ আসবে।
