পানামার ব্রিজ অব দ্য আমেরিকাসের পাশেই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (৭ এপ্রিল) ঘটে যাওয়া এ বিস্ফোরণে কেঁপে ওঠে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই সেতু। বিস্ফোরণের পর আকাশে বিশাল অগ্নিগোলক ও ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়তে দেখা যায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, সেতুর সংলগ্ন জ্বালানি টার্মিনালে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। বালবোয়ার লা বোকা এলাকায় ঘটে যাওয়া এই বিস্ফোরণের কারণ হিসেবে একটি ট্যাংকার ট্রাক বিস্ফোরণের তথ্য পাওয়া গেছে।
ঘটনার পরপরই নিরাপত্তার স্বার্থে সেতুতে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। যদিও বিস্ফোরণ সরাসরি সেতুর ওপর হয়নি, তবে নিচে আগুন ছড়িয়ে পড়ায় এর কাঠামোগত নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
পানামার ফায়ার সার্ভিস জানায়, স্থানীয় সময় বিকেল ৪টা ১২ মিনিটে প্রথম জরুরি কল পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে একাধিক ট্রাক জ্বলতে দেখেন। আশপাশের জ্বালানি ট্যাংকগুলোও ঝুঁকিতে থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত ইউনিট মোতায়েন করা হয়।
উদ্ধার অভিযানে দগ্ধ অবস্থায় দুইজনকে চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া আটকে পড়া আরও একজনকে খোঁজার চেষ্টা চালানো হয়। পরে স্থানীয় সূত্র জানায়, এ ঘটনায় একজন নিহত হয়েছেন এবং আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে দুইজন ফায়ারফাইটার আহত হয়েছেন।
বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এলেও সেতুর কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, তা যাচাই করছেন প্রকৌশলীরা। একই সঙ্গে জনসাধারণকে ওই এলাকা এড়িয়ে চলার এবং জরুরি সেবার জন্য রাস্তা ফাঁকা রাখার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
