কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে জনপ্রিয় ইসলামী বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারীর ছবি, ভিডিও ও কণ্ঠস্বর নকল করে বিভ্রান্তিকর প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে নিজেই কঠোর অবস্থান নিয়েছেন তিনি এবং প্রতারকদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
তিনি জানান, অপরাধীরা দেশ-বিদেশ যেখানেই থাকুক না কেন, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। ইতোমধ্যে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
আজহারীর পক্ষ থেকে জানানো হয়, প্রায় দুই মাস আগে সতর্ক করার পর প্রতারক চক্র কিছুদিন কার্যক্রম বন্ধ রাখলেও বর্তমানে নতুন করে সক্রিয় হয়েছে। তারা এআই প্রযুক্তির মাধ্যমে তার কণ্ঠ ও চেহারা হুবহু নকল করে ভুয়া ওষুধ ও চিকিৎসা সংক্রান্ত বিভ্রান্তিকর বিজ্ঞাপন ছড়াচ্ছে। ইতোমধ্যে এ ধরনের অসংখ্য কনটেন্ট অনলাইনে ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে।
এ পরিস্থিতিতে তার পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং বিটিআরসি চেয়ারম্যানের কাছে সংশ্লিষ্ট পেজ ও কনটেন্ট দ্রুত অপসারণের আবেদন জানানো হয়েছে। পাশাপাশি পুলিশের সাইবার ক্রাইম ইউনিট প্রতারক চক্রের ডিজিটাল তথ্য অনুসন্ধানে কাজ করছে।
বিবৃতিতে আরও বলা হয়, এই ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। সাধারণ মানুষের বিশ্বাস ও নিরাপত্তা নিয়ে খেলা করা চক্রকে আইনের আওতায় আনতে প্রশাসন সক্রিয় রয়েছে।
শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে তিনি অনুরোধ জানিয়েছেন, অনলাইনে প্রচারিত কোনো বিজ্ঞাপন বিশ্বাস করার আগে অবশ্যই নির্ভরযোগ্য উৎস থেকে যাচাই করার জন্য। তিনি স্পষ্ট করেন, হাসানা ফাউন্ডেশন বা তার ব্যক্তিগত অফিসিয়াল প্ল্যাটফর্ম ছাড়া কোনো ধরনের ওষুধ বা পণ্যের প্রচারণা করা হয় না।
এছাড়া, যাচাই ছাড়া কোনো আর্থিক লেনদেন বা পণ্য কেনা থেকে বিরত থাকার আহ্বানও জানানো হয়েছে।
