গণ–অভ্যুত্থানের সময় সহিংসতা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার দেখানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিবি সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন তিনি। সর্বশেষ ধানমন্ডিতে এক আত্মীয়ের বাসা থেকে মঙ্গলবার ভোরে তাকে আটক করা হয়।
ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, শিরীন শারমিনের বিরুদ্ধে গণ–অভ্যুত্থান চলাকালে সংঘটিত হত্যা মামলাসহ মোট ছয়টি মামলার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে তিনটি মামলায় ইতোমধ্যে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে এবং বাকি তিনটি মামলা বর্তমানে তদন্তাধীন রয়েছে।
তিনি আরও জানান, লালবাগ থানায় দায়ের করা মামলায় তাকে আদালতে হাজির করার প্রস্তুতি চলছে। পাশাপাশি গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত বিভিন্ন সহিংস ঘটনায় তার সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে।
এর আগে গণ–অভ্যুত্থানের পর আওয়ামী লীগের অনেক নেতা-কর্মী সেনানিবাসে আশ্রয় নেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর প্রকাশিত তালিকায় শিরীন শারমিনের নামও ছিল।
উল্লেখ্য, সরকারের পতনের পর ২০২৪ সালের ২ সেপ্টেম্বর স্পিকারের পদ থেকে পদত্যাগ করেন তিনি। এর আগে ২০১৩ সালের ৩০ এপ্রিল স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং দীর্ঘ সময় ধরে এ পদে দায়িত্ব পালন করেন।
