ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েল–এ আবারও কেটেছে এক দীর্ঘ আতঙ্কের রাত। সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত টানা হামলার পর শেষ দফায় আরও একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে দেশটির বিভিন্ন এলাকায়।
ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, সর্বশেষ ক্ষেপণাস্ত্রটি খোলা স্থানে আছড়ে পড়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। হামলার আগেই তা শনাক্ত করে সতর্কবার্তা জারি করা হয়। এরপর তেল আবিবসহ বিভিন্ন এলাকায় সাইরেন বেজে ওঠে।
এই হামলাগুলোর মূল লক্ষ্য ছিল দেশটির মধ্য ও উত্তরাঞ্চল। বিশেষ করে জেরুজালেম, হাইফা এবং গাজা উপত্যকার আশপাশের এলাকায় সতর্ক সংকেত জারি করা হয়।
জানা গেছে, নিক্ষেপ করা কিছু ক্ষেপণাস্ত্রে ক্লাস্টার ওয়ারহেড বা গুচ্ছ বোমা ব্যবহার করা হয়, যা বিস্ফোরণের সময় একাধিক ছোট বোমায় ছড়িয়ে পড়ে। এর ফলে হাইফা ও আশপাশের এলাকায় কিছু ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
টানা এই হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও বেড়েছে। বিশ্লেষকরা বলছেন, পাল্টাপাল্টি হামলা অব্যাহত থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।
আজকের খবর / এম.এস.এইচ
