কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মেইল ট্রেনের ভয়াবহ সংঘর্ষে ১২ জন যাত্রী প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে সাতজন পুরুষ, তিনজন নারী এবং দুইজন শিশু রয়েছে। তবে এখনও তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
রোববার (২২ মার্চ) সকালে এই তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অজয় ভৌমিক।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনিবার (২১ মার্চ) দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং পয়েন্টে চট্টগ্রাম থেকে রাজধানী ঢাকাগামী একটি মেইল ট্রেন মামুন পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসকে প্রচণ্ড জোরে আঘাত করে।
এই তীব্র ধাক্কায় ট্রেনটি বাসটিকে প্রায় আধা কিলোমিটার পর্যন্ত টেনে নিয়ে যায়। প্রাথমিকভাবে ঘটনাস্থল থেকে ৭ জনের মরদেহ উদ্ধার করা হলেও পরবর্তীতে মৃতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়ায়। এই মর্মান্তিক দুর্ঘটনার পর থেকে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন রয়েছে।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে রেলওয়ে কর্তৃপক্ষ দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করেছে। পাশাপাশি দুর্ঘটনায় পতিত ট্রেনটি উদ্ধারের জন্য আখাউড়া থেকে একটি রিলিফ ট্রেন তলব করা হয়েছে বলে জানিয়েছেন রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান।
প্রতিবেদক আজকের খবর
