সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় এবার রমজান মাস ৩০ দিন পূর্ণ হচ্ছে। ফলে দেশটিতে আগামী শুক্রবার ঈদুল ফিতর উদযাপিত হবে।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস ও গালফ নিউজ সৌদির জাতীয় চাঁদ দেখা কমিটির বরাতে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বুধবার সন্ধ্যায় দেশটির আকাশে শাওয়ালের চাঁদ খোঁজার জন্য বৈঠকে বসে চাঁদ দেখা কমিটি। তবে কোথাও চাঁদ দেখা না যাওয়ায় বৃহস্পতিবারকে রমজানের শেষ দিন হিসেবে ঘোষণা করা হয়। সেই হিসেবে শুক্রবার দেশজুড়ে যথাযোগ্য মর্যাদায় ঈদ উদযাপিত হবে।
এদিকে সৌদি আরব–এর মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে, শ্রম আইনের বিধান অনুযায়ী বেসরকারি ও অলাভজনক খাতের কর্মীদের ঈদের ছুটি বুধবার থেকেই শুরু হয়েছে। এই ছুটি টানা চার দিন চলবে।
মধ্যপ্রাচ্যে শুক্রবার ঈদ উদযাপিত হওয়ায় সাধারণত দক্ষিণ এশিয়ার দেশগুলো—যেমন বাংলাদেশ, ভারত ও পাকিস্তান—এ পরদিন শনিবার ঈদ হওয়ার সম্ভাবনা থাকে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে সংশ্লিষ্ট দেশের আকাশে চাঁদ দেখার ওপর।
