দীর্ঘ প্রায় ২২ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল আবারও শুরু হয়েছে। এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে সাংবাদিকদের তিনি জানান, দুর্ঘটনাকবলিত নীলসাগর এক্সপ্রেস ট্রেনের উদ্ধার কাজ সম্পন্ন হয়েছে। ফলে বন্ধ থাকা রেলপথে আবারও ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
তিনি আরও বলেন, সকালেই উদ্ধার কার্যক্রম শেষ হয় এবং ওই লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হয়েছে। আগামীকাল শুক্রবার থেকে উত্তরবঙ্গগামী সব ট্রেন নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলবে।
এর আগে বুধবার দুপুর আড়াইটার দিকে ঢাকা থেকে নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেসের ৯টি বগি বগুড়ার সান্তাহার এলাকায় লাইনচ্যুত হয়। এতে শতাধিক যাত্রী আহত হন।
দুর্ঘটনার পরপরই ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় এবং উদ্ধার কাজে নামেন রেলওয়ে সংশ্লিষ্টরা। দীর্ঘ সময় চেষ্টার পর অবশেষে পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব হয়েছে।
