ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে বগুড়ায় যাত্রীবাহী একটি মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় চালকসহ দুই নারী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় তিন শিশুসহ আরও ৯ জন দগ্ধ হয়েছেন।
বুধবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন শিউলী বেগম (৪৮), তায়েবা খাতুন (৩৫) এবং মাইক্রোবাসের চালক রিন্টু (৪৭)। আহতদের মধ্যে রয়েছে ফাতেমা (১০), শহিদুল (৪০), তৌছিব (৩০), তাসমিয়া (২০), হেলেনা (৬০), তারিকুল (৩৬), ফাতেমা (২), আরহাম (৭) ও হামিম (৩০)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী যাত্রীবোঝাই মাইক্রোবাসটি (ঢাকা মেট্রো চ-১৯-৩০৪১) ছোনকা এলাকায় পৌঁছালে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে মুহূর্তের মধ্যে গাড়িটিতে আগুন ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে যাত্রীদের বের হয়ে আসার সুযোগ খুব কম ছিল। ঘটনাস্থলেই চালক দগ্ধ হয়ে প্রাণ হারান।
খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর বখতিয়ার উদ্দিন জানান, ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ রোকন উদ্দিন জানান, হাসপাতালে নেওয়ার পর আরও দুইজনের মৃত্যু হওয়ায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে তিনজন। দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
