ঈদযাত্রাকে কেন্দ্র করে অতিরিক্ত ভাড়া আদায় করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। এ ধরনের অনিয়ম দেখলে যাত্রীদের সরাসরি পুলিশকে জানাতে পরামর্শ দিয়েছেন তিনি। পাশাপাশি ঈদকে ঘিরে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই বলেও আশ্বস্ত করেন তিনি।
মঙ্গলবার (১৭ মার্চ) সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
আইজিপি জানান, ঈদ মৌসুমে মহাসড়কে দীর্ঘ সময় যানজটে আটকে থাকার ঘটনা প্রায়ই ঘটে। এ সমস্যা কমাতে ট্রাফিক বিভাগকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে অপ্রয়োজনীয় যানজট সৃষ্টি না হয়। স্থানীয় পর্যায়েও যানজট নিরসনে পুলিশ সক্রিয়ভাবে কাজ করছে।
তিনি বলেন, যেখানে-সেখানে গাড়ি পার্কিং এবং অনিয়ন্ত্রিতভাবে যাত্রী ওঠানামার কারণে যানজট বাড়ছে। এসব বিষয়ে সংশ্লিষ্টদের আরও সচেতন হতে হবে।
সবশেষে তিনি আশাবাদ ব্যক্ত করেন, সবাই নিজ নিজ দায়িত্ব থেকে সচেতন হলে এবারের ঈদযাত্রা আরও স্বস্তিদায়ক হবে।
