আসন্ন দুটি প্রীতি ম্যাচকে সামনে রেখে ব্রাজিল দল ঘোষণা করেছেন প্রধান কোচ কার্লো আনচেলত্তি। তবে ২৬ সদস্যের এই দলে জায়গা হয়নি দলের সবচেয়ে বড় তারকা নেইমার–এর।
কোচ জানিয়েছেন, পুরোপুরি ফিট না থাকায় আপাতত তাকে দলের বাইরে রাখা হয়েছে। তবে স্কোয়াডে জায়গা না পেয়ে হতাশা লুকাননি এই ব্রাজিলিয়ান তারকা।
আগামী ২৬ মার্চ বোস্টনে ফ্রান্সের বিপক্ষে এবং ৩১ মার্চ অরল্যান্ডোতে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। এই দুটি ম্যাচের জন্য ঘোষিত দলে কেবল শতভাগ ফিট খেলোয়াড়দেরই রাখা হয়েছে বলে জানিয়েছেন আনচেলত্তি।
তবে নেইমারের বিশ্বকাপ খেলার সম্ভাবনা একেবারে শেষ হয়ে যায়নি। কোচ স্পষ্ট করে বলেছেন, তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠলে বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার সুযোগ এখনো রয়েছে।
প্রায় আড়াই বছর জাতীয় দলের জার্সিতে মাঠে নামা হয়নি নেইমারের। সম্প্রতি নিজের পুরোনো ক্লাব সান্তোস–এর হয়ে মাঠে ফিরেছেন তিনি এবং বিশ্বকাপকে সামনে রেখে নিজেকে প্রস্তুত করছেন।
দলে জায়গা না পাওয়ার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে নেইমার বলেন, তিনি অবশ্যই দুঃখিত ও হতাশ। তবে তিনি হাল ছাড়ছেন না। প্রতিদিনের অনুশীলন ও ম্যাচে নিজের পারফরম্যান্স উন্নত করাই এখন তার প্রধান লক্ষ্য।
তিনি আরও বলেন, বিশ্বকাপের আগে দলে ফেরার এখনো সুযোগ রয়েছে এবং সেই লক্ষ্যেই লড়াই চালিয়ে যাবেন।
এদিকে নেইমার না থাকলেও এই দলে জায়গা পেয়েছেন তরুণ প্রতিভা এন্ড্রিক। পাশাপাশি প্রথমবারের মতো ডাক পেয়েছেন লিও পেরেইরা, গ্যাব্রিয়েল সারা, ইগর থিয়াগো ও রায়ান। দলে ফিরেছেন ইবানেজ ও দানিলোও।
