আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে গার্মেন্টস শ্রমিকদের একসঙ্গে ছুটি না দিয়ে পর্যায়ক্রমে ছুটি দেওয়ার অনুরোধ জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. সরওয়ার। শনিবার (১৪ মার্চ) রাজধানীর গাবতলী বাস টার্মিনালে বাস মালিক সমিতির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
ডিএমপি কমিশনার বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১৭ মার্চ থেকে টানা সাত দিনের সরকারি ছুটি শুরু হবে। দীর্ঘ এই ছুটির কারণে ঈদে ঘরমুখো মানুষের চাপ বাড়তে পারে। তাই গার্মেন্টস শ্রমিকদের ধাপে ধাপে ছুটি দেওয়া হলে যাত্রাপথে ভোগান্তি অনেকটাই কমবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সভায় তিনি জানান, যাত্রীদের দুর্ভোগ কমাতে ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি থাকবে।
মো. সরওয়ার আরও বলেন, ঈদযাত্রা উপলক্ষে বিভিন্ন বাস টার্মিনালে বিপুল সংখ্যক পুলিশ সদস্য ও অস্ত্রধারী নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হবে। একই সঙ্গে অতিরিক্ত ভাড়া আদায় ও টিকিটের কালোবাজারি ঠেকাতে নিয়মিত তদারকি চালানো হবে।
এ সময় দূরপাল্লার বাসে একাধিক চালক রাখার এবং কোনো অবস্থাতেই বাসের ছাদে যাত্রী পরিবহন না করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান ডিএমপি কমিশনার।
