বর্তমান পরিস্থিতিতে দেশের পেট্রোল পাম্পগুলো সচল ও নিরাপদ রাখতে প্রতিটি ফিলিং স্টেশনে পুলিশের পাশাপাশি সেনা সদস্য মোতায়েনসহ ৮ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউশন এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
বুধবার (১১ মার্চ) রাজধানীর মালিবাগে স্কাই সিটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন সংগঠনটির সভাপতি মোহাম্মদ নাজমুল হক।
তিনি বলেন, মোটরসাইকেলের তেল সরবরাহে কোনো ধরনের বিভাজন করা যাবে না এবং ছোট-বড় সব ফিলিং স্টেশনে সমানভাবে তেল সরবরাহ নিশ্চিত করতে হবে। পাশাপাশি বিপণন কোম্পানিগুলো থেকে তেল সরবরাহের পরিমাণ বাড়ানো এবং এজেন্সি, প্যাক পয়েন্ট ও ডিস্ট্রিবিউটরদের কাছে নিয়মিত তেল সরবরাহ চালু রাখার দাবিও জানান তিনি।
সংগঠনটির পক্ষ থেকে আরও দাবি করা হয়, মনিটরিংয়ের নামে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে পাম্প মালিকদের সামাজিক হয়রানি বন্ধ করতে হবে। তবে কোনো ফিলিং স্টেশন বা রিভার ভেসেলে অবৈধ মজুত ধরা পড়লে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করারও আহ্বান জানানো হয়। একই সঙ্গে তেলের ডিপোসমূহে বহিরাগতদের প্রবেশ বন্ধ রাখার দাবি করা হয়েছে।
সংবাদ সম্মেলনে নাজমুল হক বলেন, সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থায় অস্থিরতার কারণে সরকার জ্বালানি তেল বিক্রিতে রেশনিং ব্যবস্থা চালু করেছে, যা তারা মেনে চলছেন। তবে রাজধানীসহ দেশের বিভিন্ন পাম্পে দীর্ঘ যানবাহনের সারি এবং ‘তেল ফুরিয়ে যাওয়ার’ আশঙ্কায় মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
তিনি বলেন, সরকার একদিকে দেশে পর্যাপ্ত তেলের মজুত থাকার কথা বলছে, অন্যদিকে রেশনিংয়ের নির্দেশনা দিচ্ছে—এতে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে বলেও মন্তব্য করেন তিনি।
পাম্প মালিকদের পক্ষ থেকে বলা হয়, ভোক্তারা তাদের চাহিদা অনুযায়ী তেল সংগ্রহ করতে পাম্পে আসেন, কিন্তু সরকার যদি প্রয়োজন অনুযায়ী সরবরাহ নিশ্চিত না করে এবং পাম্পগুলোকে ভোক্তাদের সঙ্গে সংঘর্ষের ঝুঁকিতে ফেলে, তাহলে জ্বালানি বিপণন ব্যবস্থা সচল রাখা কঠিন হয়ে পড়বে।
তারা আরও বলেন, কেউ অবৈধভাবে তেল মজুত করলে বা গুজব ছড়িয়ে আতঙ্ক সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে পাম্প মালিকরা কোনো অনিয়ম করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে জেল-জরিমানা বা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানান সংগঠনের নেতারা।
সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশনের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
