কুমিল্লা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে একটি যানবাহনসহ বিপুল পরিমাণ ভারতীয় বাজি ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় ৪৭ লাখ ৫৫ হাজার ৬০০ টাকা।
গত রবিবার ভোর আনুমানিক ৫টার দিকে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধীন আদর্শ সদর উপজেলার কটকবাজার বিওপির টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, অভিযানের সময় সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মোঘলটুলি এলাকায় মালিকবিহীন অবস্থায় একটি যানবাহনসহ বিপুল পরিমাণ ভারতীয় বাজি ও বিভিন্ন ধরনের কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়।
বিজিবি জানায়, জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
