দেশের বাজারে টানা দ্বিতীয় দিনের মতো সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভরিতে দুই হাজার টাকার বেশি বাড়িয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৭০ হাজার ৪৩০ টাকা।
বুধবার (১১ মার্চ) সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বাজুস। ঘোষিত নতুন মূল্য বুধবার সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।
সংগঠনটির মতে, স্থানীয় বাজারে তেজাবি বা পিওর গোল্ডের দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে সোনার নতুন দর নির্ধারণ করা হয়েছে।
নতুন তালিকা অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনার দাম ২ লাখ ৭০ হাজার ৪৩০ টাকা। এছাড়া ২১ ক্যারেট সোনার ভরি ২ লাখ ৫৮ হাজার ১২৪ টাকা, ১৮ ক্যারেট সোনার ভরি ২ লাখ ২১ হাজার ২৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮০ হাজার ৬১৭ টাকা।
এদিকে সোনার পাশাপাশি রুপার দামও বাড়িয়েছে বাজুস। ভরিতে ১৭৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৭০৭ টাকা। এছাড়া ২১ ক্যারেট রুপার ভরি ৬ হাজার ৪১৫ টাকা, ১৮ ক্যারেট রুপার ভরি ৫ হাজার ৪৮২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার ভরি ৪ হাজার ৮২ টাকা নির্ধারণ করা হয়েছে।
