দেশের আকাশে সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে মঙ্গলবার (২০ জানুয়ারি) রজব মাস ৩০ দিনে পূর্ণ হবে এবং আগামী বুধবার (২১ জানুয়ারি) থেকে শাবান মাস গণনা শুরু হবে। সে অনুযায়ী আগামী ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিনগত রাতে সারাদেশে পবিত্র শবে বরাত পালিত হবে।
সোমবার সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন।
সভায় জানানো হয়, বাংলাদেশের আকাশে কোথাও ১৪৪৭ হিজরি সনের শাবান মাসের চাঁদের সন্ধান পাওয়া যায়নি। এ কারণে নির্ধারিত হিসাব অনুযায়ী শবে বরাতের তারিখ নির্ধারণ করা হয়েছে।
ফার্সি শব্দ ‘শবে বরাত’-এর অর্থ ভাগ্যরজনী। হিজরি সনের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাত মুসলমানরা শবে বরাত হিসেবে পালন করে থাকেন, যা ‘লাইলাতুল বরাত’ নামেও পরিচিত।
অনেক মুসলমানের বিশ্বাস, এ রাতে আল্লাহ তায়ালার পক্ষ থেকে পাপ মোচনের সুযোগ দেওয়া হয় এবং আগামী বছরের হায়াত, রিজিক ও আমল নির্ধারিত হয়। তাই এ রাতে ধর্মপ্রাণ মুসলমানরা নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির-আসকার, মিলাদ মাহফিল ও দোয়া-মোনাজাতে অংশ নেন। পাশাপাশি মৃত স্বজনদের কবর জিয়ারত করেন অনেকে।
