বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস বলেছেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত একটি সরকার। তাই অযথা স্লোগান দিয়ে সরকারকে বিব্রত করার চেষ্টা না করার আহ্বান জানান তিনি।
মঙ্গলবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, কিছু জায়গায় দেখা যাচ্ছে সরকারবিরোধী স্লোগান তুলে মাঠে নামা হচ্ছে। দাবি-দাওয়া জানানো গণতান্ত্রিক অধিকার হলেও তা জানানোর নির্দিষ্ট পদ্ধতি রয়েছে। সেই পদ্ধতির মধ্য দিয়েই কথা বলা উচিত। দেশের বর্তমান পরিস্থিতিতে সরকারকে অযথা বিব্রত না করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, ক্ষমতায় যাওয়ার লোভে কিছু মানুষ দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে। পবিত্র রমজান মাসে এমন পরিস্থিতি সৃষ্টি না করার জন্য সবাইকে আহ্বান জানান তিনি। একই সঙ্গে মিথ্যা প্রচার, অপপ্রচার বা অশালীন ভাষা ব্যবহার থেকে বিরত থাকার পরামর্শ দেন।
রাজনৈতিক অভিজ্ঞতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে জড়িত তিনি। তাই রাজনৈতিক প্রতিপক্ষকে আক্রমণ করতে গিয়ে মিথ্যা অভিযোগ বা অপবাদ দেওয়ার সংস্কৃতি পরিহার করার আহ্বান জানান তিনি।
মির্জা আব্বাস বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার অল্প সময়ের মধ্যেই বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়নের কাজ শুরু করেছে। ইতোমধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে এবং ভবিষ্যতে কৃষক কার্ডসহ আরও বিভিন্ন কর্মসূচি চালু করা হবে। তিনি বলেন, সরকার ক্ষমতায় এসেছে অল্প সময় হলো, অথচ কেউ কেউ এমন সমালোচনা করছে যেন সরকার দীর্ঘদিন ধরে ক্ষমতায় রয়েছে।
সংগঠনের সভাপতি শাহরিয়ার নাঈমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মিসবাহ উদ্দিন, প্রতিমন্ত্রী নুরুল হক নুর, সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ এবং এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
