রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (৪ মার্চ) দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত জেলা শহরের জগৎবাজার ও আনন্দবাজার এলাকায় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের নেতৃত্বে এ অভিযান চলে।
অভিযানে দুটি প্রতিষ্ঠানকে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রমজানকে কেন্দ্র করে কিছু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি ও অতিরিক্ত মূল্য আদায়ের চেষ্টা করছে—এমন অভিযোগের ভিত্তিতেই বাজার মনিটরিং জোরদার করা হয়।
অভিযানকালে জগৎবাজারের পাইকারি বিক্রেতা প্রতিষ্ঠান মেসার্স শাহ আমানত ট্রেডার্স ও আল মদিনা বাণিজ্যালয়কে পণ্যের ক্রয় রশিদ সংরক্ষণ না করায় জরিমানা করা হয়।
অভিযান শেষে জেলা প্রশাসক জানান, রমজান উপলক্ষে প্রতিদিনই বাজার তদারকি করা হচ্ছে। তিনি বলেন, কেউ যাতে অবৈধ মজুত বা কৃত্রিম সংকট তৈরি করে মূল্য বৃদ্ধি করতে না পারে, সে বিষয়ে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।
এ সময় পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার এবং জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
