চট্টগ্রাম নগরে বিশেষ এসড্রাইভ অভিযানে মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা উত্তর বিভাগ পাঁচ হাজার পিস ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন মো. রাসেল (২৯) ও মো. মোফাজ্জল হোসেন (৬২)।
বুধবার (৪ মার্চ) ভোরে মহানগর গোয়েন্দা উত্তর বিভাগের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে খুলশী থানার দামপাড়া এলাকায় কে-স্কয়ার কনভেনশন হলের বিপরীত পাশে বাস কাউন্টার এলাকায় অভিযান চালায়।
সন্দেহভাজন দুই ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে তাদের গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাদের দেহ তল্লাশি করা হলে, রাসেলের কাছ থেকে তিন হাজার পিস এবং মোফাজ্জল হোসেনের কাছ থেকে দুই হাজার পিসসহ মোট পাঁচ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার আমিনুর রশিদ জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে খুলশী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
