কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুক পেজ থেকে প্রাপ্ত আয়ের তথ্য প্রকাশ করেছেন। তার ভেরিফায়েড পেজে বর্তমানে ৪ দশমিক ৯ মিলিয়ন, অর্থাৎ প্রায় ৪৯ লাখ অনুসারী রয়েছে।
নিয়মিত পোস্ট, ছবি, ভিডিও ও বিভিন্ন ইস্যুতে মতামত প্রকাশের মাধ্যমে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থাকেন। এসব কনটেন্ট থেকেই তার উল্লেখযোগ্য পরিমাণ অর্থ আয় হয় বলে জানান তিনি।
হাসনাতের দেওয়া তথ্যমতে, একটি ভিডিও ১৭ মিলিয়ন ভিউ পেয়ে তাকে ৪০ ডলার আয় এনে দিয়েছে। সর্বশেষ দুই দিনে পেয়েছেন ১২০ ডলার। আর গত মাসে তার মোট আয় হয়েছে ৩ হাজার ৩৯৯ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ লাখ ১৫ হাজার টাকার সমপরিমাণ।
তিনি আরও জানান, পেজের আয়ের ধারাবাহিকতা বজায় থাকলে মাসিক গড় আয় চার লাখ টাকার বেশি হয়। সে হিসাবে বার্ষিক আয় প্রায় ৪৫ লাখ টাকার কাছাকাছি দাঁড়ায়।
রাজনৈতিক অঙ্গনে স্বচ্ছতা ও জবাবদিহিতার অংশ হিসেবে নিজের আয়ের উৎস প্রকাশ করাকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন তার সমর্থকরা।
