চট্টগ্রামের মিরসরাই উপজেলায় স্ক্র্যাপবোঝাই (পুরোনো লোহা) একটি লরির চাকায় পিষ্ট হয়ে নুরুল আমিন (৬৫) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে নিজামপুর বাজার এলাকায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুরুল আমিন উপজেলার হাইতকান্দি ইউনিয়নের পূর্ব হাইতকান্দি গ্রামের মৃত আলী আহমদের ছেলে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকাল ১০টার দিকে নুরুল আমিন মহাসড়কের পশ্চিম পাশ থেকে পূর্ব পাশে যাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় দ্রুতগতির লরিটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী রিকশাচালক কামাল উদ্দিন জানান, মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি বাসের সামনের দিক দিয়ে রাস্তা পার হতে যান নুরুল আমিন। বাসের আড়ালে থাকায় লরিচালক তাকে দেখতে পাননি। এতে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই লরিচালক পালিয়ে যান।
এ বিষয়ে কুমিরা হাইওয়ে পুলিশের সার্জেন্ট শামীম হোসেন বলেন, লরির চাপায় নিহতের কোমরের নিচের অংশ মারাত্মকভাবে থেঁতলে গেছে। দুর্ঘটনার কারণ স্পষ্ট হওয়ায় মরদেহের ময়নাতদন্ত করা হবে না। লরিটি জব্দ করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আজকের খবর/ এম.এস.এইচ
