স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দীর্ঘ ১৭ বছরে দেশব্যাপী দুর্নীতির একটি সংস্কৃতি গড়ে উঠেছে, যার ফলে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে। এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য প্রয়োজন সামাজিক জাগরণমূলক উদ্যোগ। তিনি বলেন, নাগরিকদের অধিকার প্রতিষ্ঠায় সরকার ও রাজনৈতিক দলগুলো সমন্বিতভাবে কাজ করবে। স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার—এটি নিশ্চিত করাই সরকারের অঙ্গীকার।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে দায়িত্ব গ্রহণের পর নিজ জেলা সিরাজগঞ্জে অবস্থিত ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে তিনি এসব কথা জানান।
প্রতিমন্ত্রী আরও বলেন, নির্বাচনী ইশতেহারে স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। বাজেট বৃদ্ধি করার পাশাপাশি তৃণমূল পর্যায়ে চিকিৎসাসেবা শক্তিশালী করতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি নতুন নিয়োগপ্রাপ্তদের প্রশিক্ষণ, কর্মস্থলে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ সরবরাহ বৃদ্ধি—এসব বিষয় বাস্তবায়নে পদক্ষেপ নেওয়া হবে।
