ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা-য় নিখোঁজের একদিন পর সাড়ে চার বছরের শিশু তাবাসসুমের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বাদুড়গাছা গ্রামের আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যালয়-এর সেফটিক ট্যাংক থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, নিহত তাবাসসুম মহেশপুর উপজেলার ভৈরব এলাকার নজরুল হোসেনের মেয়ে। নজরুল পেশায় দর্জি এবং তার স্ত্রী হালিমা খাতুন একটি বেসরকারি সংস্থায় কর্মরত। তারা বর্তমানে কালীগঞ্জ উপজেলার বারবাজার এলাকার বাদেডিগি গ্রামে ভাড়া বাসায় বসবাস করছিলেন।
গত বুধবার বিকেল আড়াইটার পর থেকে শিশুটির কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার খোঁজ পাননি। বৃহস্পতিবার সকালে বাদুড়গাছা গ্রামের এক কৃষক মাঠে যাওয়ার পথে স্কুলসংলগ্ন এলাকায় একটি রক্তমাখা বস্তা দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে বিদ্যালয়ের সেফটিক ট্যাংক থেকে বস্তাবন্দি অবস্থায় তাবাসসুমের মরদেহ উদ্ধার করে।
কালীগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
আজকের খবর/ এম.এস.এইচ
