ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় মেঘনা নদীর তীরবর্তী ‘এমলাঘাট’ এলাকা থেকে আমির হোসেন (৪২) নামের এক সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত আমির হোসেন নরসিংদীর রায়পুরা উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ছিলেন। তার পৈতৃক বাড়ি রায়পুরার চরমধুয়া ইউনিয়নের গাজীপুর গ্রামে হলেও তিনি দীর্ঘদিন ধরে বাঁশগাড়ী ইউনিয়নের দিগলিয়া কান্দি গ্রামে মামার বাড়িতে বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার গভীর রাতে উপজেলার ধানাভাঙ্গা এলাকার মেঘনা নদীর পাড়ে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে সমগঞ্জ পুলিশ ফাঁড়ি-র সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।
ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সুনীল চন্দ্র সূত্রধর জানান, মরদেহের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।
এ বিষয়ে নবীনগর থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে পাশের কোনো এলাকা থেকে দুর্বৃত্তরা তাকে অপহরণ করে এনে হত্যা করে মরদেহ নদীর তীরে ফেলে যায়। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আজকের খবর/ এম.এস.এইচ
