মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্ধারিত সময় অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে এবং দেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক কাঠামোয় সুসংহত করা হবে। তিনি জানান, সামগ্রিক পরিস্থিতি আগের তুলনায় উন্নত হয়েছে এবং ভঙ্গুর হয়ে পড়া প্রতিষ্ঠানগুলোকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে সরকার কাজ করছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জুমার নামাজ শেষে ঠাকুরগাঁও হাফেজিয়া মাদরাসা ও লিল্লাহ বোর্ডিংয়ের নতুন বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন।
এ সময় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নিজ নির্বাচনী এলাকার জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মির্জা ফখরুল বলেন, ঠাকুরগাঁওবাসীর সমর্থনেই তিনি দায়িত্ব পালনের সুযোগ পেয়েছেন। তাদের প্রতি তিনি সবসময় ঋণী বলেও উল্লেখ করেন।
সরকার গঠনের পর তিন দিনের সরকারি সফরে নিজ এলাকায় অবস্থান করছেন তিনি। সফরসূচি অনুযায়ী, বিকেলে Eco-Social Development Organization (ESDO)-এর আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেবেন।
শনিবার সকালে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন এবং বিকেলে জেলা বিএনপির উদ্যোগে মির্জা রুহুল আমিন স্মৃতি সংসদের ইফতার মাহফিলে যোগ দেবেন। পরদিন সকালে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।
